সিপিএলে মিরাজের ঘূর্ণি জাদু, চার বোল্ড করে হলেন ম্যাচসেরা – Sarabangla

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকেই আলো ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে এসে আরও ভয়ংকর রূপ দেখালেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ২৩ রানে ৪ উইকেট নিয়ে ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপকে এলোমেলো করে দিয়েছেন তিনি। তার চার শিকারই ছিলেন বামহাতি ব্যাটার এবং প্রত্যেককেই ফিরিয়েছেন বোল্ড করে।

শনিবার প্রভিডেন্সে সিপিএলের ৩৩তম ম্যাচে ত্রিনবাগোকে ৬ উইকেটে হারিয়েছে মিরাজের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ম্যাচে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার।

ত্রিনবাগোর ইনিংসের শুরুতেই আঘাত হানেন মিরাজ। নিজের ওভারে পরপর দুই বলে কলিন মুনরো ও নিকোলাস পুরানকে সাজঘরে ফেরান তিনি। প্রথমে মুনরোকে রিভার্স সুইপের ফাঁদে ফেলে বোল্ড করেন বাংলাদেশের স্পিনার। ১৬ বলে ২৬ রান করে মুনরো ফিরলে ৪১ রানে প্রথম উইকেট হারায় ত্রিনবাগো।

পরের বলেই পুরানকে ফেরান মিরাজ। বড় শট খেলতে গিয়ে বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। টানা দুই বলে দুই উইকেট নিয়ে ত্রিনবাগোর ওপর শুরুতেই চাপ তৈরি করেন মিরাজ।

এরপর আরও একটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান তিনি। ১০ বলে মাত্র ৪ রান করা জেওয়াইডি গুলি ডিফেন্স করতে গিয়ে মিরাজের বলে পরাস্ত হন। ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে ঢুকে যাওয়া বল সরাসরি আঘাত করে স্টাম্পে। ৭২ রানে চতুর্থ উইকেট হারায় ত্রিনবাগো।

নিজের শেষ ওভারে সুনিল নারিনকে ফেরান মিরাজ। ৫ বলে ৭ রান করা নারিন বড় শটের চেষ্টা করতে গিয়ে বোল্ড হন। ৮৪ রানে ত্রিনবাগোর পঞ্চম উইকেট তুলে নিয়ে নিজের চার উইকেট পূর্ণ করেন বাংলাদেশি অলরাউন্ডার। নারিনকে ফেরানোর পর মাঠে নিজের উদযাপনও করেন তিনি। মিরাজের সঙ্গে সেই মুহূর্তে উদযাপনে যোগ দেন ইমরান তাহিরও।

মিরাজের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানের বেশি করতে পারেনি ত্রিনবাগো। ফলে গায়ানার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বড় বিপদে পড়েনি গায়ানা। শাই হোপের অপরাজিত ৪২ রান এবং শিমরন হেটমায়ারের ২৮ রানের ইনিংসে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। ব্যাট হাতে অবশ্য মিরাজের দিনটি ভালো যায়নি; মাত্র ২ রান করে আউট হন তিনি। সিপিএলে নিজের প্রথম ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন মিরাজ।

Scroll to Top