নির্ধারিত সময়েই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে নতুন মৌসুমের ডিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় দেড় মাসের টুর্নামেন্ট শেষ হবে ৭ এপ্রিল।
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিশের (সিসিডিএম) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিবি।
সাধারণত এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হয় ডিপিএল। কিন্তু সর্বশেষ আসরে ক্লাবগুলোর বয়কট ও বিভিন্ন জটিলতার কারণে টুর্নামেন্ট পিছিয়ে যায়। শেষ পর্যন্ত এক লেগে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল ডিপিএল।
এবার সেই পরিস্থিতি থেকে বের হয়ে নিয়মিত ক্যালেন্ডার অনুযায়ী ডিপিএল আয়োজন করতে চায় বিসিবি। জানা গেছে, আগামী মৌসুমে টুর্নামেন্টটি পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ডিপিএলের নতুন মৌসুমে ক্লাবগুলোর জন্য আর্থিক বরাদ্দও বাড়ানো হয়েছে। এতদিন প্রতিটি ক্লাবকে ১৫ লাখ টাকা করে দেওয়া হলেও আগামী আসর থেকে সেই অঙ্ক বাড়িয়ে ২৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি ক্লাবের বরাদ্দ বাড়ছে ১০ লাখ টাকা।
এদিকে গত আসরের ধারাবাহিকতায় এবারও ক্রিকেটারদের দুপুরের খাবারের ব্যবস্থা করবে বিসিবি। টুর্নামেন্ট আয়োজনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
