জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে দাপট ধরে রেখে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল। শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পুলের শীর্ষস্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। অধিনায়ক শারিকা রিমনের পেনাল্টি কর্নারের গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় দলটি। আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুটি করে এবং কনা আক্তার একটি ফিল্ড গোল করেন। ম্যাচসেরাও নির্বাচিত হন কনা।
চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর হংকংকেও হারিয়ে টানা চার জয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা।
১০ দলের প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুল থেকে বাংলাদেশ, কাজাখস্তান ও পাকিস্তান কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে। এলিট পুল থেকে শেষ আটে উঠেছে স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এলিট পুলের দক্ষিণ কোরিয়া অথবা জাপান। বুধবারই শেষ আটের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করলেও কোয়ার্টার ফাইনালকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ জাহিদ হোসেন। হংকং ম্যাচের পর পেনাল্টি কর্নারে আরও উন্নতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘এই জয়ে আমরা খুশি। তবে পেনাল্টি কর্নারে আমাদের আরেকটু নজর দিতে হবে। কোয়ার্টার ফাইনালে আমরা এমন দুর্বল টিম পাব না। পেনাল্টি কর্নারে যে ভুলগুলো হয়েছে, তা নিয়ে আমরা কাজ করব।’
