এশিয়ান গেমসে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের – Sarabangla

এশিয়ান গেমসে এবার স্বর্ণ পদক জয়ের লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্যে শক্তিশালী দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট খেলুড়ে দেশ হওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। ফলে শুরু থেকেই নকআউট পর্বের চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে।

পদক জেতার জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত মানিয়ে নেওয়ার দিকেও মনযোগ দিতে হবে বাংলাদেশকে। কারণ দীর্ঘ সময় ধরে এই সংস্করণে মাঠে নামেনি জাতীয় দল। সাম্প্রতিক ব্যস্ত সূচিতে টেস্ট ও ওয়ানডে বেশি খেলেছেন ক্রিকেটাররা।

এ কারণে কয়েক মাস পর টি-টোয়েন্টিতে ফিরতে গিয়ে আগের ছন্দ ফিরে পাওয়াটাই এখন দলের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিষয়টি নিয়ে সতর্ক কোচ মোহাম্মদ সালাউদ্দিনও।

তার বিশ্বাস, নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়ান গেমসে ফাইনালে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে বাংলাদেশের। সালাউদ্দিন বলেন, ‘আমাদের ফাইনালে যাওয়ার সহজ সুযোগ আছে যদি ভালো খেলি। গত কয়েক সিরিজ ধরে টি-টোয়েন্টি খেলছি না। ৩-৪ মাস আগে যে ছন্দে ছিলাম এটাতে ফিরে আসার চ্যালেঞ্জ আছে। গত কয়েক মাস শুধু টেস্ট-ওয়ানডেই খেলেছি। আশা করি টি-টোয়েন্টিতেও আগের ছন্দে ফিরে আসব।’

এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও রয়েছে। এর আগে স্বর্ণপদক জিতেছে দলটি। এবারের আসরে ভারত ও পাকিস্তান শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় প্রতিযোগিতার গুরুত্বও বেড়েছে।

শুরুতে এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল পাঠানোর পরিকল্পনা ছিল। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্ণ শক্তির জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে, জাপানের অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের সময় যতই ঘনিয়ে আসছে ততোই নানান অব্যবস্থাপনার খবর প্রকাশ পাচ্ছে। জাতীয় দলের কোচ সালাউদ্দিন অবশ্য প্রতিপক্ষ কিংবা সুযোগ-সুবিধাকে বড় করে দেখছেন না। তার মতে, ফল পেতে হলে নিজেদের খেলাটাই ঠিকভাবে খেলতে হবে।

তিনি বলেন, ‘আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। ভালো খেলাই মুখ্য। চ্যালেঞ্জ থাকবেই। অন্যান্য জায়গায় অনেক সুবিধা পেয়েও তো অনেক সময় ভালো ফলাফল করতে পারি না। তাই সুযোগ-সুবিধা আমার কাছে মুখ্য বিষয় না। আমার কাছে মুখ্য বিষয় হলো- আমরা যেন ভালো খেলি।’

কোয়ার্টার ফাইনাল থেকেই বাংলাদেশের সামনে শুরু হবে আসল লড়াই। সেখানে নিজেদের সামর্থ্যের সঙ্গে টি-টোয়েন্টির ছন্দও কতটা দ্রুত ফিরে পায় দল, সেটিই টুর্নামেন্টে পার্থক্য গড়ে দিতে পারে।

Scroll to Top