
কোডিংয়ের কোনো পূর্বজ্ঞান ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পড়াশোনার সময় শিশুদের নজরদারির জন্য একটি অ্যাপ তৈরি করেছে চীনের ১৩ বছর বয়সী শিক্ষার্থী ঝু শুহান। অ্যাপটির নাম ‘জাই চাং’।
সোমবার (৩১ আগস্ট) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অ্যাপটি মূলত ভার্চুয়াল অভিভাবকের মতো কাজ করে। এতে অভিভাবককে নিজের একটি ছবি আপলোড করতে হয়। এরপর এআই সেই ছবির ভিত্তিতে ভার্চুয়াল অভিভাবক তৈরি করে, যা শিশুর পড়াশোনার সময় নজর রাখে।
শিশু পড়ার সময় মোবাইলে গেম খেললে কিংবা আসন ছেড়ে উঠে গেলে ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করে অ্যাপটি। এরপর অভিভাবকের কাছে সতর্কবার্তা পাঠায়।
শুহান জানান, তাঁর বাবা-মা কাজের কারণে ব্যস্ত থাকতেন এবং পড়াশোনার সময় সবসময় তাঁর পাশে থাকতে পারতেন না। নিজেও পড়ার সময় মনোযোগ হারিয়ে গোপনে ফোন ব্যবহার করতেন। সেই অভিজ্ঞতা থেকেই অ্যাপ তৈরির ধারণা পান তিনি।
হ্যাংঝুতে অনুষ্ঠিত জাতীয় এআই পণ্য বিপণন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন শুহান। প্রতিযোগিতায় অংশ নেন ৫০ জন। বিচারকদের রায়ে নয়, প্রতিযোগীদের আয়ের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। এতে তিনি ৫ হাজার ইউয়ান পুরস্কার পান। অ্যাপটি থেকে তাঁর মোট আয় হয়েছে ১৮ হাজার ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
শুহানের ভাষ্য, অন্যের ভুল ধরে দেওয়ার বিষয়টি তাঁর পছন্দ নয়। তাই শিশুদের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে নিজেদের উন্নতির সুযোগ দেওয়ার মতো একটি নমনীয় অ্যাপ তৈরি করতে চেয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, ভালো কোনো ধারণা থাকলে এআই ব্যবহার করে সেটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।
শুহানের ছোট ভাই অ্যাপটির প্রথম ব্যবহারকারী। অ্যাপের মাধ্যমে নজরদারির মধ্যে পড়াশোনার সময় সে আগের তুলনায় বেশি মনোযোগ দিচ্ছে বলে জানিয়েছেন শুহান।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
