লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ দুই দশকের সম্পর্ক ছিন্ন করে এবার স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে দল শক্তিশালী করে নিল শেফিল্ড ইউনাইটেড। আগের দিন ছড়িয়ে পড়া গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সঙ্গে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছে শেফিল্ড। ক্লাবের পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে ধারে শেফিল্ডে খেলেছিলেন হামজা। স্বল্প সময়ের সেই অধ্যায়েই ক্লাবটির সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে মাঠে নামার পাশাপাশি দলকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই বাংলাদেশি ফুটবলার।
হামজাকে আবারও দলে পেয়ে উচ্ছ্বসিত শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। দলটির রাইট-ব্যাক পজিশনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে হামজার মতো একজন খেলোয়াড়ের প্রয়োজন ছিল বলে জানান তিনি।
ওয়াইল্ডারের ভাষায়, ‘কারডিফ ম্যাচের পরই আমি দল জোরদার করার কথা বলেছিলাম। বেশ কিছু চোট সমস্যা থাকায় রাইট ব্যাক পজিশনে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো জরুরি ছিল। আমরা সবাই জানি হামজা এই ভূমিকা কতটা চমৎকারভাবে পালন করতে পারেন। প্রথমবার এসে সে যেমন শারীরিক শক্তি ও তেজ দেখিয়েছিল, সমর্থকরা তা খুব পছন্দ করেছিলেন। লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে হামজার। এই পর্যায়ে কীভাবে সফল হতে হয়, তা তাঁর খুব ভালো জানা আছে।’
নতুন ক্লাবে ফিরে উচ্ছ্বসিত হামজাও। লেস্টারের একাডেমিতে মাত্র সাত বছর বয়সে যোগ দেওয়া এই ফুটবলার ক্লাবটির সঙ্গে কাটিয়েছেন জীবনের প্রায় দুই দশক। ফলে পরিচিত পরিবেশ ছেড়ে নতুন ঠিকানায় যাওয়াকে বড় পরিবর্তন হিসেবেই দেখছেন তিনি।
হামজা বলেন, ‘লেস্টারে আমি ২০ বছর কাটিয়েছি, ফলে এই ক্লাব ছাড়া আমার ও পরিবারের জন্য বড় এক পরিবর্তন। তবে নতুন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত। শেফিল্ডের দিনগুলো আমি খুব উপভোগ করেছি, কোচের সঙ্গেও সব সময় যোগাযোগ ছিল। তাঁর অধীনে খেলতে আমি সব সময়ই পছন্দ করি।’
লেস্টারের সঙ্গে হামজার সম্পর্কের শুরু সেই শৈশবেই। ক্লাবটির একাডেমি পেরিয়ে মূল দলে জায়গা করে নিয়ে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগে খেলেছেন তিনি। ২০২১ সালে চেলসিকে হারিয়ে লেস্টারের ঐতিহাসিক এফএ কাপ জয়ী দলেরও সদস্য ছিলেন বাংলাদেশি এই মিডফিল্ডার।
চলতি মৌসুমে লেস্টারের হয়ে তিনটি ম্যাচ খেলার পর এবার পাকাপাকিভাবেই ক্লাবটি ছাড়লেন হামজা। বিদায়বেলায় দীর্ঘদিনের এই খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছে লেস্টারও।
এক বিবৃতিতে লেস্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাত বছর বয়সে হামজা আমাদের সঙ্গে যোগ দেন। পরবর্তীতে আমাদের প্রথম দলের প্রতিনিধিত্ব করে এফএ কাপ ও চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন তিনি। লেস্টার সিটির সঙ্গে তার দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই পথচলার জন্য ধন্যবাদ, হামজা। ভবিষ্যতে তোমার জন্য অনেক শুভকামনা।’
