বোলিং অনুশীলনে ফিরলেন নাহিদ রানা

চোটের ধাক্কা কাটিয়ে অবশেষে বল হাতে ফিরেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। জিম্বাবুয়ে সফরে চোট পাওয়ার পর কেটে গেছে প্রায় দেড় মাস। এই সময়ে অস্ট্রেলিয়া সফরও মিস করতে হয়েছে গতিময় এই পেসারকে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রগতি হওয়ায় সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অনুশীলন শুরু করেছেন তরুণ পেসার।

জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের, প্রধান কোচ ফিল সিমন্স এবং ফিজিও বায়েজুল ইসলামের উপস্থিতিতে বোলিং করেন নাহিদ। অনুশীলনে তাকে মূলত সাদা বলেই বোলিং করতে দেখা গেছে।

তবে এদিন স্বাভাবিক গতিতে বোলিং করতে দেখা যায়নি নাহিদকে। রানআপও ছিল তুলনামূলক ছোট। অবশ্য এতে উদ্বেগের কিছু দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। পুনর্বাসনের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই ধীরে ধীরে বোলিংয়ে ফেরানো হচ্ছে তাকে।

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, নাহিদের পুনর্বাসন প্রক্রিয়ার অষ্টম সপ্তাহ চলছে। এই পর্যায়ে তার বোলিং শুরু করার কথা ছিল এবং নির্ধারিত সময়েই সেটি শুরু হয়েছে। শুরুতে কম গতিতে বল করবেন তিনি। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে বোলিংয়ের গতি।

পুনর্বাসনের এই পর্যায়ে নাহিদের শরীরে নতুন কোনো সমস্যা তৈরি হচ্ছে কি না, সেটিও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে। অর্থাৎ এখনই পূর্ণ গতিতে বোলিংয়ের লক্ষ্য নয়; বরং নিরাপদে ম্যাচ ফিটনেসে ফেরাই তার প্রধান লক্ষ্য।

বোলিং অনুশীলনে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদের প্রত্যাবর্তন এখনই হচ্ছে না। সেপ্টেম্বরের শেষ দিকে জাপানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়ার কথা বাংলাদেশের। টি-টোয়েন্টি সংস্করণের ওই আসরে নাহিদকে পাওয়া যাবে না, সেটি কার্যত নিশ্চিত।

এরপর অক্টোবরেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজকে সামনে রেখেই নাহিদের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

Scroll to Top