অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে বাংলাদেশ। বল হাতে পেসাররা দাপট দেখানোর পর ব্যাটিংয়েও ঝলক দেখাচ্ছেন বাংলাদেশি ব্যাটাররা। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের বড় দুই হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ৪২৬ রানে।
যাতে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পেয়েছেন সফরকারীরা। পেস বোলারদের দাপটে অস্ট্রেলিয়াকে এর আগে ১৯৮ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান একাই নেন ৬টি উইকেট।
ডারউইনে গতকাল হঠাৎ তিন উইকেট হারিয়ে বিপদে পরা বাংলাদেশের হয়ে শেষ বিকেলে পেসার হাসান মাহমুদকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন মেহেদি হাসান মিরাজ। নব্বয়ের বেশি বল খেলে মিরাজকে দুর্দান্ত সঙ্গ দিয়েছেন হাসান। তবে আজ সকাল সকাল সেই প্রতিরোধ ভেঙেছে।
জশ হ্যাজেলউডের দারুণ এক ডেলিভারিতে এলবিডাব্লিউ হয়েছেন হাসান। ফেরার আগে ১৪ রান করেছেন তবে বল খেলেছেন ৯২টি! আটে নেমে জশ হ্যাজেলউডকে অসাধারণ এক ফ্লিকে ছক্কা হাঁকিয়ে দারুণ কিছুর বার্তা দিচ্ছিলেন তাইজুল ইসলাম। তবে খুব বেশি সময় মিরাজকে সঙ্গ দিতে পারেননি। সেই হ্যাজেলউডের বলেই ফিরেছেন ২৩ বলে ১৭ রান করে।
তবে অপরপ্রান্তে মেহেদি হাসান মিরাজ ছিলেন অবিচল। ৫৯তম টেস্ট ম্যাচ খেলতে নেমে দশম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন মিরাজ। তার ব্যাটেই বাংলাদেশের ইনিংস চারশ ছাড়িয়েছে, লিডও দুইশ পেরিয়েছে। তাসকিন আহমেদ বেশ ভালো সঙ্গই দিয়েছেন মিরাজকে।
দুজন অপরাজিত থেকে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করেন। তবে দ্বিতীয় সেশনে নেমে খুব বেশিদূর এগুতে পারেনি বাংলাদেশ। জশ হ্যাজেলউডের বলে এজড হয়ে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। ফেরার আগে ১৫৪ বল খেলে ৫টি চার ১টি ছক্কায় করেন ৬৫ রান। এরপর দশম ব্যাটার ইবাদত হোসেন এক ছক্কা হাঁকানোর পরপরই ফিরেছেন সেই হ্যাজেলউডের বলেই।
৭ রান করে দলের শেষ ব্যাটার হিসেবে ফেরেন ইবাদত। তাসকিন আহমেদ অপরাজিত ছিলেন ১৪ রান করে। এর আগে তানজিদ হাসান তামিম ১০১, নাজমুল হোসেন শান্ত ৮৪ ও মুমিনুল হক সৌরভ করেন ৪৯ রান।
