দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এক দিনে সর্বোচ্চ।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবারের প্রতিবেদনে গত ২৪ ঘণ্টায় ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়েছিল। এক দিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৮২৭ জনে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৯ জন নারী ও ২২ জন পুরুষ। সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

