তিন বছর পর পুনরায় শুরু হচ্ছে ফিলিস্তিনের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট – DesheBideshe



গাজা, ১১ আগস্ট – ইসরায়েলি হামলা ও গাজা যুদ্ধের বাস্তবতায় দীর্ঘ তিন বছর স্থগিত থাকার পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে ফিলিস্তিনের ঘরোয়া ফুটবল। আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশটির ফুটবল কার্যক্রম ও ঘরোয়া চ্যাম্পিয়নশিপ পুনরায় শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন বা পিএফএ। রামাল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএফএ সভাপতি জিবরিল রাজুব এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন।

চলমান যুদ্ধে নিহত ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ফুটবলারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে এক হাজার শহীদের কাপ। এই টুর্নামেন্টে সর্বমোট ২২৬টি ক্লাব অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে দখলকৃত পশ্চিম তীরের ১৪৬টি ক্লাব, গাজার ৪৪টি এবং লেবাননে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ৩৬টি ক্লাব রয়েছে।

তিনটি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হবে একই দিনে। ফয়সল আল-হুসাইনি স্টেডিয়ামে জাবাল আল-মুকাবের লড়বে ট্রাইব অব খলিলের বিপক্ষে। গাজায় শাবাব রাফাহর মুখোমুখি হবে খাদামাত রাফাহ। অন্যদিকে লেবাননের আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে আল-আনসারের প্রতিপক্ষ হিসেবে খেলবে আল-নাহদা।

দীর্ঘস্থায়ী সংঘাত ও রাজনৈতিক পরিস্থিতির কারণে ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলা তীব্রতর হওয়ার পর আবাসিক এলাকা ও হাসপাতালের পাশাপাশি অসংখ্য ফুটবল মাঠ ও ক্রীড়া স্থাপনা ধ্বংস হয়ে যায়। ফলে ফিলিস্তিনে সব ধরনের ক্রীড়া কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য স্থবির হয়ে পড়ে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খেলাধুলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পিএফএ সভাপতি।

তিনি উল্লেখ করেন যে বিপুল প্রাণহানির পরও ফিলিস্তিনিরা তাদের জাতীয় চেতনা এবং ফুটবল নিয়ে সংকল্প হারায়নি। তার মতে খেলাধুলা তাদের কাছে টিকে থাকার একটি বড় অনুপ্রেরণা। তবে লিগ পুনরায় শুরু করতে গিয়ে বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে পিএফএ।

সংস্থাটি ফুটবলারদের কার্যক্রম নিয়মিত রাখতে ফিফাসহ আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ক্লাবগুলোর বিষয়ে ফিফার নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে পিএফএ।

ঘরোয়া ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও ফিরতে প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিন। এশিয়ান কাপ সামনে রেখে তারা চীনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এছাড়া জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ১০৮ সদস্যের একটি ফিলিস্তিনি দল অংশগ্রহণ করবে যেখানে ১৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা।

এস এম/ ১১ আগস্ট ২০২৬



Scroll to Top