গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার ৯ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে তিন জনই সিলেট বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হাম পরিস্থিতির তথ্য প্রকাশ করে আসছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৭৫ জন। সব মিলিয়ে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৩৩৮ জন। এরপর সিলেটে ১২২, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৭২, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৬, খুলনায় ৩২ এবং রংপুরে ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে ৯৮৮ জন। এর মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩১২ জন, রাজশাহীতে ২০, সিলেটে ৯১, চট্টগ্রামে ২৬০, বরিশালে ১৩৮, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৩৮ এবং রংপুরে ১৩ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের শরীরে।

