
বুয়েনস আইরেস, ৮ আগস্ট – আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। স্থানীয় সময় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছিলেন।
ডেইলি স্পোর্টসের দেওয়া তথ্য অনুযায়ী, রোজারিওর ওই ক্লিনিকেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই ফুটবল বিশ্বে উদ্বেগ ছিল। হোর্হে মেসিকে তাঁর ছেলের ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।
শৈশব থেকে শুরু করে মেসির বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার প্রতিটি ধাপে তিনি ছায়ার মতো পাশে ছিলেন। গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, হোর্হে মেসি কেবল মেসির বাবাই ছিলেন না বরং তিনি তাঁর ফুটবল এজেন্টের দায়িত্বও পালন করতেন। বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং আলোচনা তিনি নিজেই পরিচালনা করতেন।
মেসির ব্যবসায়িক কার্যক্রমের দেখভালের দায়িত্বও ছিল তাঁর ওপর। উল্লেখ্য যে, গত কাতার বিশ্বকাপের সময় থেকেই হোর্হে মেসির অসুস্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়। গত জুন মাসে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর মাঠে লিওনেল মেসিকে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখা গিয়েছিল।
তখন মেসি জানিয়েছিলেন যে তাঁর ওই কান্নার পেছনে ব্যক্তিগত ও পারিবারিক কঠিন সময়ের প্রভাব রয়েছে। পরবর্তীতে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে হোর্হে মেসি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাবার অসুস্থতার কারণে সম্প্রতি মেসি মেজর লিগ সকারের অল স্টার ম্যাচ থেকেও বিরতি নিয়েছিলেন। বার্সেলোনা ও পিএসজি থেকে শুরু করে ইন্টার মায়ামিতে মেসির যোগদানের ক্ষেত্রে হোর্হে মেসির ভূমিকা ছিল অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে মেসি পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এস এম/ ৮ আগস্ট ২০২৬







