
ঢাকা, ৭ আগস্ট – টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ত বিরতি কাটিয়ে আবারো অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের বিশেষ স্কিল ক্যাম্প। এরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে টাইগ্রেসরা।
চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসছে নারী এশিয়া কাপের এবারের আসর। বর্তমানে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সারোয়ার ইমরান। তবে বিসিবি সূত্রে জানা গেছে, এই আসরের আগেই নতুন করে একজন বিদেশি কোচ নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।
আলোচনায় রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন কোচের নাম। শুধু জাতীয় দল নয়, দেশের নারী ক্রিকেটের উন্নয়নে আট বিভাগে আটজন নারী কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল এক কোচিং সম্পন্নকারীদের অগ্রাধিকার দেয়া হবে।
আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩১ আগস্ট। টুর্নামেন্টের এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে বি গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া লড়বে।
এস এম/ ৭ আগস্ট ২০২৬







