বিশ্বকাপ ব্যর্থতার পর উরুগুয়ের কোচিংয়ে এলো বড় পরিবর্তন । তাদের অন্যতম সাবেক সেরা তারকাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলো ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ করল কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ফোরলানকে।
গ্রুপ পর্বে কোনো জয় ছাড়া বিশ্বকাপ শেষ করার পর মার্সেলো বিয়েলসা চাকরি হারান। তার জায়গা নিলেন ৪৭ বছর বয়সী সাবেক ম্যানইউ, অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান ফরোয়ার্ড। এইউএফ জানিয়েছে, অবিলম্বে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেবেন ফোরলান।
এইউএফ এক বিবৃতিতে বলেছে, ‘ফোরলান যেখানে অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন, সেখানেই ফিরেছেন। এক অবিস্মরণীয় প্রজন্মের রোল মডেল, আইকন এবং প্রতীক, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন একটি টেকনিক্যাল পজিশনে থেকে তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক ফুটবলের গভীর জ্ঞান দিয়ে অবদান রাখতে ফিরে এসেছেন।’
উরুগুয়ের জার্সিতে ১১২ ম্যাচ খেলা ফোরলান ২০১১ সালে কোপা আমেরিকা জেতাতে অবদান রাখেন। ২০১৯ সালে খেলোয়াড় জীবন থেকে অবসর নিয়ে উরুগুয়ান ক্লাব পেনারোল ও আতেনাসের কোচিংয়ে ছিলেন।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে উরুগুয়ের প্রীতি ম্যাচে সিনিয়র দলের দায়িত্ব নেবেন ফোরলান।





