
ব্রাসিলিয়া, ২ আগস্ট – রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বে নতুন গুঞ্জন শুরু হয়েছে। ক্লাবটির দেওয়া চুক্তি নবায়নের চূড়ান্ত প্রস্তাবে এই ফরোয়ার্ড সায় না দেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করছে।
এমন পরিস্থিতিতে ইংলিশ ক্লাব আর্সেনাল তাকে উত্তর লন্ডনের ক্লাবটিতে ভেড়াতে অত্যন্ত আগ্রহী এবং পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে। ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ এক বছরও বাকি নেই। ফলে তাকে বিনামূল্যে হারানোর ঝুঁকি এড়াতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ হয়তো তাকে দ্রুত বিক্রির কথা ভাবছে।
ব্রাজিলীয় সাংবাদিক হোর্হে নিকোলার মতে, রিয়াল তাদের শেষ প্রস্তাব দিয়ে দিয়েছে এবং ভিনিসিয়ুস তা গ্রহণে খুব একটা আগ্রহী নন। ইএসপিএন দেপোর্তেস জানিয়েছে, আর্সেনালের কোচ মিকেল আর্তেতার পাশাপাশি ক্লাবের মালিকপক্ষ কেএসই এই বড় চুক্তিটি সম্পন্ন করতে প্রয়োজনীয় বিনিয়োগ করতে প্রস্তুত।
দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে, ভিনিসিয়ুস যদি শেষ পর্যন্ত চুক্তি নবায়ন না করেন, তবে আর্সেনালই তার জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য হতে পারে।
তবে রিয়াল মাদ্রিদের ভেতরেই প্রভাবশালী মহলে মত উঠেছে যে, চুক্তি নবায়ন না হলে এই গ্রীষ্মেই তাকে বিক্রি করে দেওয়া উচিত। আপাতত দুই পক্ষের মধ্যে বড় ধরণের মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে এবং আর্সেনাল এই সুযোগটিই লুফে নিতে চাইছে।
এস এম/ ২ আগস্ট ২০২৬







