এই খবরটি পডকাস্টে শুনুনঃ
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। এর মধ্যে ১২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭৫১ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৪৪ শিশুর এবং হাম শনাক্ত হওয়ার পর ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এছাড়া ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ জনে। এদিকে, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।




