অবসরের পর এবার বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস – DesheBideshe

অবসরের পর এবার বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস – DesheBideshe


অবসরের পর এবার বিগ ব্যাশে ফিরছেন বেন স্টোকস – DesheBideshe

লন্ডন, ১ আগস্ট – টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে দেখা যেতে পারে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে। অস্ট্রেলিয়ার সিডনি সিক্সার্স তাকে দলে ভেড়াতে বেশ তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম কোড স্পোর্টস এর তথ্য অনুযায়ী ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার সিডনি সিক্সার্সের সাথে চুক্তিবদ্ধ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। দলটির বর্তমান সাপোর্ট স্টাফে ইংল্যান্ডের সাবেক সাদা বলের প্রধান কোচ ম্যাথিউ মট থাকায় সিক্সার্সের হয়ে স্টোকসের ফেরার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে।

এর আগে ২০১৪ ১৫ মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ খেলেছিলেন তিনি। বিগ ব্যাশের নতুন নিয়ম অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের জন্য ড্রাফট পদ্ধতি বাতিল হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো এখন মোটা অংকের অর্থ ব্যয় করতে পারছে। যা স্টোকসের মতো তারকাদের টুর্নামেন্টে যোগ দিতে উৎসাহিত করছে।

তবে শুধু সিডনি সিক্সার্স নয় হোবার্ট হারিকেনসও স্টোকসকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে। ক্রিকেট তাসমানিয়ার সিইও ডম বেকার জানিয়েছেন স্টেডিয়ামে দর্শক টানতে স্টোকসের মতো খেলোয়াড়দের গুরুত্ব অনেক বেশি। ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি মনে করেন ভবিষ্যতে স্টোকসের টেস্ট ক্রিকেটে ফেরার সম্ভাবনা একদম উড়িয়ে দেয়া যায় না।

২০২৭ সালের অ্যাশেজ সিরিজে তাকে দেখা গেলে তিনি অবাক হবেন না বলে জানিয়েছেন। উল্লেখ্য গত জুনে অনেকটা আকস্মিকভাবেই ১২২ টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন এই কিংবদন্তি ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন। দেশের হয়ে তিনি টেস্ট ফরম্যাটে ৭২৭৩ রান করার পাশাপাশি ২৫২টি উইকেট শিকার করেছেন।

এস এম/ ১ আগস্ট ২০২৬



Scroll to Top