জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবেই, এইচপির দায়িত্বেও আত্মবিশ্বাসী সালাউদ্দিন

জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবেই, এইচপির দায়িত্বেও আত্মবিশ্বাসী সালাউদ্দিন

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হয়েছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব থেকে সরে এলেও তার সঙ্গে জাতীয় দলের সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার দেশ ছাড়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, এইচপি দলের ক্রিকেটারদের উন্নয়নের পাশাপাশি জাতীয় দলের সঙ্গেও নিয়মিত সমন্বয় থাকবে। তার ভাষায়, এইচপির অনেক ক্রিকেটারই ভবিষ্যতে জাতীয় দলে খেলবেন, তাই দুই দলের কার্যক্রমের মধ্যে সংযোগ বজায় রাখা জরুরি।

সালাউদ্দিন বলেন, ‘আমার জাতীয় দলের সঙ্গে যোগাযোগ থাকবে। এমন না যে আমি একেবারেই ওদিক থেকে আলাদা। কারণ এই ছেলেগুলোর সঙ্গে আমাদের একটা সংযোগ থাকবে। ‘ভালো একটা যোগাযোগ থাকবে। জাতীয় দলে যারা আছে তাদের তো কিছু আমাদেরই করাতে হবে। তো আমাদের একটা যোগাযোগ সবসময় থাকবে। আমি কখনো নিজেকে মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।’

এইচপি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী সালাউদ্দিন, ‘এটা এইচপি টিম, তাদের নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের দুটা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে-একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা দক্ষিণ আফ্রিকাতে যাচ্ছে। এটা ছেলেদের জন্য একটা বড় সুযোগ। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে। হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিকেটের কোন অবস্থানে আছে।’

সালাউদ্দিনের বিশ্বাস, বিদেশের কঠিন পরিবেশে খেলার অভিজ্ঞতা তরুণদের পরিণত ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Scroll to Top