এশিয়ান গেমসকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল। জাপানে অনুষ্ঠেয় আসরে অন্তত ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন টাইগ্রেসরা। একই সঙ্গে বছরের শেষভাগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এশিয়ান গেমস শেষেই সাদা বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এরপর ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের বিপক্ষেও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগ্রেসরা। বিশ্ব ক্রিকেটের শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগকে নিজেদের উন্নতির বড় মঞ্চ হিসেবে দেখছেন জ্যোতি।
বাংলাদেশ অধিনায়কের মতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলার অভিজ্ঞতা দলের ক্রিকেটারদের দক্ষতা আরও সমৃদ্ধ করবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডে দলের পারফরম্যান্স আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভবিষ্যতের কঠিন সফরগুলোতেও সেই অভিজ্ঞতা কাজে লাগবে।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডের মতো কন্ডিশনে খেলার স্বপ্ন আমরা সবসময়ই দেখি। এসব দেশে খেললে দক্ষতার অনেক বিকাশ ঘটে। সম্প্রতি ইংল্যান্ডে আমরা যেভাবে খেলেছি এবং যে পারফরম্যান্স দেখিয়েছি, সেটি নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব ফেলবে।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের মধ্যে দুটি জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল থাকা গ্রুপে লড়াই করে টুর্নামেন্ট শেষ করে টাইগ্রেসরা। সেই পারফরম্যান্সই সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে মনে করছেন অধিনায়ক।
আগামী ১৭ সেপ্টেম্বর জাপানে শুরু হবে এশিয়ান গেমসের নারী ক্রিকেট। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠতে পারলে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী ভারত।
তবে প্রস্তুতির পথে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের টানা বৃষ্টি। বেশ কয়েকটি ভেন্যুতে অনুশীলন ব্যাহত হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না জ্যোতি। তার ভাষায়, প্রতিকূলতা কাটিয়ে সেরা প্রস্তুতি নিয়েই জাপানে যেতে চায় দল এবং এবারের আসরে অন্তত ফাইনাল খেলাই তাদের প্রধান লক্ষ্য। জ্যোতি বলেন, ‘গত এশিয়া কাপের চেয়েও যেন ভালো কিছু করা যায়, সেভাবেই আমরা প্রস্তুতি নিতে চাই। যদিও বৃষ্টির কারণে দেশের প্রায় সব মাঠেই অনুশীলন কঠিন হয়ে পড়েছে, তবুও আমরা এর মধ্যেই নিজেদের সেরাটা গুছিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাদের মূল লক্ষ্যই থাকবে ফাইনাল খেলা।’




