সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি – DesheBideshe

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি – DesheBideshe


সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি – DesheBideshe

বুয়েনস আইরেস, ২২ জুলাই – বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার পর নিজ শহর পুজাতোতে ফিরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও বিতর্ক নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।

স্কালোনি জানান, তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না এবং সেখানে কী ধরনের আলোচনা হচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই।

দলের অভ্যন্তরীণ সমস্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, খেলোয়াড়রা মাঠে তাদের সর্বোচ্চটা দিয়েছে। তাদের এই জার্সির প্রতি প্রতিশ্রুতি এবং পরিশ্রম অতুলনীয়।

ভবিষ্যতে যারা জাতীয় দলের হয়ে খেলবে, তাদেরও এই লড়াকু মানসিকতা ধরে রাখা জরুরি বলে তিনি মনে করেন। হারের বেদনা থাকলেও বুয়েনস আইরেসে সমর্থকদের দেওয়া উষ্ণ সংবর্ধনায় তিনি অভিভূত হয়েছেন। স্কালোনির মতে, পরাজয়কে সম্মানের সঙ্গে গ্রহণ করা শিখতে হবে কারণ হার থেকেও অনেক কিছু শেখার সুযোগ থাকে।

নিজের ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্কালোনি বলেন, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ রয়েছে। এরপর কী হবে তা সময়ই বলে দেবে।

২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকা প্রসঙ্গে তিনি জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়া তার কাছে একটি স্বপ্নের মতো বিষয় ছিল এবং এই দায়িত্বে থেকে তারা যা অর্জন করেছেন তা অকল্পনীয়। বর্তমানে তিনি দলের ঐক্য এবং সমর্থকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিতর্কিত পতাকা প্রদর্শনের কারণে ফিফার শাস্তির শঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে জানতেন না এবং খেলোয়াড়দের সঙ্গে এ নিয়ে কোনো পূর্ব আলোচনা হয়নি। ফাইনালে হারলেও সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের মুখে হাসি ফোটাতে পেরেছেন এটিই তার কাছে কোচ হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ২২ জুলাই ২০২৬



Scroll to Top