
ব্রাসিলিয়া, ২২ জুলাই – ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র তার চেহারায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। চিবুকের আকৃতি সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করার জন্য তিনি চিন হারমোনাইজেশন নামক একটি বিশেষ কসমেটিক প্রক্রিয়ার আশ্রয় নিয়েছেন।
অস্ত্রোপচারের পর তার নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গোইয়ানিয়ায় বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এই প্রক্রিয়ায় মূলত বিশেষ ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ বিশেষ করে চিবুকের গঠন আরও স্পষ্ট ও আকর্ষণীয় করা হয়। জানা গেছে বিশ্বকাপ চলাকালীন সময়ে তার চিবুকের গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ও সমালোচনার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচার পরবর্তী ছবি দেখে ভক্তরা বিস্ময় প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের এই নতুন রূপ আগের তুলনায় অনেকটাই ভিন্ন বলে অনেকে মন্তব্য করছেন। ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এই ফুটবলারের।
তার সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সাথে একটি ছবি প্রকাশিত হওয়ার পর তাদের সম্পর্ক পুনরায় জোড়া লাগার খবর রটেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি। এছাড়া তার ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তোর পোস্ট করা ছবিতেও ভিনিসিউসের পরিবর্তিত চিবুকের গঠন স্পষ্টভাবে দেখা গেছে।
এস এম/ ২২ জুলাই ২০২৬







