নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে আজ দারুণ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে আজ ৮ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে ম্যাচের ফলাফল ছিল ৩১-২৩ পয়েন্ট। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের খাদিজা।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যায়। প্রথমার্ধে বাংলাদেশ স্কোরে লিড ধরে রাখলেও নেপালও দারুণভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। ম্যাচের ১০ মিনিটে নেপালকে প্রথমবারের মতো অলআউট করে এক পর্যায়ে ১৭-১০ পয়েন্টের বড় ব্যবধানে সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ।
তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেপালি খেলোয়াড়রা। একটি সফল সুপার রেইড থেকে তিন পয়েন্ট আদায় করে ব্যবধান কমিয়ে আনে তারা। প্রথমার্ধের খেলা শেষে ১৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
বিরতির পর বাংলাদেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও নেপালও ম্যাচে ফেরার লড়াই অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা সিরিজে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে দেয়।
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছিল নেপাল। আগামীকাল বিকেল চারটায় একই ভেন্যুতে গড়াবে সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচ।





