
ব্রাসিলিয়া, ১৭ জুলাই – ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক জার্সিটি নিলামে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রেকর্ড ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হওয়া এই জার্সিটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ কোটি টাকা।
পেলের ব্যবহৃত যেকোনো স্মারক সামগ্রীর মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি জানিয়েছে যে নিউইয়র্কে অনুষ্ঠিত এই নিলামে জার্সিটি সংগ্রহের জন্য সংগ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
পাঁচজনের বেশি বিডারের পক্ষ থেকে মোট ১০টি দরপ্রস্তাব জমা পড়ে। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপের ফাইনালে মাত্র ১৭ বছর বয়সে এই জার্সিটি গায়ে জড়িয়েই মাঠে নেমেছিলেন ফুটবল সম্রাট। মূলত এই ঐতিহাসিক গুরুত্বের কারণেই জার্সিটির মূল্য এমন আকাশচুম্বী হয়েছে।
২০২২ সালে প্রয়াত হওয়া এডসন আরান্তেস দো নাসিমেন্তো ওরফে পেলের বিশ্বমঞ্চে অভিষেক হয়েছিল মাত্র ১৭ বছর বয়সে। নিজের প্রথম বিশ্বকাপেই ৬টি গোল করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। বিশেষ করে স্বাগতিক সুইডেনের বিপক্ষে সেই ফাইনালে পেলের জোড়া গোলের ওপর ভর করে ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে প্রথমবারের মতো সোনালী ট্রফি ঘরে তোলে ব্রাজিল।
বিশ্বকাপের ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। নিলাম সংস্থা সোথবির মতে, ১৯৫৮ সালের সেই বিশ্বকাপ ফাইনালের মুহূর্তগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবির অন্যতম। আর সেই অবিস্মরণীয় কীর্তির সময় এই জার্সিটিই মাঠে পেলের গায়ে ছিল।
এর আগে ২০০৪ সালেও একবার জার্সিটি নিলামে তোলা হয়েছিল। তবে সে সময় এর দাম উঠেছিল মাত্র ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলার। দুই দশকের ব্যবধানে ফুটবল সম্রাটের স্মৃতির মূল্য যে কতটা বৃদ্ধি পেয়েছে এই নিলামই তার সবচেয়ে বড় প্রমাণ দেয়।
এস এম/ ১৭ জুলাই ২০২৬







