
মাদ্রিদ, ১৪ জুলাই – মাঠের লড়াইয়ে নামার আগেই শুরু হয়েছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশোঁ স্পেনকে ফেভারিট ঘোষণা করে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টির চেষ্টা করলেও সেই চালে পা দেননি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, ফেভারিট তকমা দেওয়া বা না দেওয়া তার দলের কাছে কোনো গুরুত্ব বহন করে না। উত্তর আমেরিকা আসরের প্রথম সেমি-ফাইনালে ১৫ জুলাই মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। ডালাসে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স তাদের দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে। অন্যদিকে, স্পেনও শুরুতে কিছুটা ম্লান থাকলেও দ্রুতই নিজেদের ছন্দ ফিরে পেয়েছে। ফুটবল প্রেমীদের কাছে এই ম্যাচটি ফাইনালের আগে আরও একটি ফাইনাল হিসেবে গণ্য হচ্ছে।
সেমি-ফাইনালে ওঠার আগে থেকেই দুই দলের মধ্যে কথার লড়াই চলছে। দেশোঁর কৌশল ছিল প্রতিপক্ষকে ফেভারিট তকমা দিয়ে নিজের দলের চাপ কমানো। তবে দে লা ফুয়েন্তে এই বিষয়টিকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, শুরু থেকেই আমি বলে আসছি লোকে আমাদের কী বলছে তাতে কিছু যায় আসে না।
অন্য সেমি-ফাইনালের মতো এটিও দুটি শক্তিশালী দলের লড়াই। কেন এসব বলা হচ্ছে তা আমার বোধগম্য নয়। আমি কেবল মাঠের পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করছি। সাম্প্রতিক পরিসংখ্যানে ফ্রান্সের বিপক্ষে স্পেনের পাল্লা কিছুটা ভারী। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছিল স্পেন।
এছাড়া উয়েফা নেশন্স লিগেও তাদের জয় রয়েছে। তবে দে লা ফুয়েন্তে অতীতের জয় নিয়ে পড়ে থাকতে রাজি নন। তিনি মনে করেন প্রতিটি ম্যাচই আলাদা। ফ্রান্সের দ্রুতগতির আক্রমণভাগ নিয়ে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নিতে হবে।
বিশেষ করে শেষ মুহূর্তের রক্ষণভাগ সামলানো এবং দ্রুতগতির প্রতি-আক্রমণ মোকাবিলা করা আমাদের মূল লক্ষ্য থাকবে। মাঠের নিয়ন্ত্রণ যারা নিতে পারবে তারাই শেষ পর্যন্ত সফল হবে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬







