বিশ্বকাপের হাই-ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। টুর্নামেন্টজুড়ে দুই দলের পারফরম্যান্স, সাম্প্রতিক ফর্ম এবং অতীতের পরিসংখ্যান মিলিয়ে ম্যাচটি ইতোমধ্যেই ‘ফাইনালের আগেই ফাইনাল’ হিসেবে আলোচনায় এসেছে।
পরিসংখ্যানের বিচারে সামগ্রিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে স্পেন। দুই দল এখন পর্যন্ত ৩৮ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ১৮টি ম্যাচ, ফ্রান্সের জয় ১৩টিতে, আর বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে।
সাম্প্রতিক সময়েও স্প্যানিশদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে ফ্রান্সের বিপক্ষে সাফল্য। গত বছরের উয়েফা নেশন্স লিগের রোমাঞ্চকর লড়াইয়ে স্পেন ফরাসিদের বিপক্ষে ৫-৪ গোলে জয় পেয়েছিল। তার আগে ইউরো ২০২৪-এর সেমিফাইনালেও ২-১ ব্যবধানে ফরাসিদের হারিয়ে পরে শিরোপা জিতেছিল লা রোজা।
বিশ্বকাপের মঞ্চে অবশ্য চিত্রটা ভিন্ন। এই প্রতিযোগিতায় দুই দলের একমাত্র আগের দেখায় জয় পেয়েছিল ফ্রান্স। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় পিছিয়ে পড়েও শেষ ১০ মিনিটে দুটি গোল করে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লে ব্লুরা। এবার বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট।
বর্তমান ফর্ম বিবেচনায় দুই দলই দারুণ ছন্দে রয়েছে। ২০১৮ বিশ্বকাপের পর বড় টুর্নামেন্টে খেলা ২৭ ম্যাচের মধ্যে স্পেন হেরেছে মাত্র একটিতে। এই সময়ে তাদের রেকর্ড ১৬ জয় ও ১০ ড্র। ২০২২ বিশ্বকাপে জাপানের কাছে হারের পর থেকে টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা। এই ধারাবাহিকতায় তারা মাত্র পাঁচটি গোল হজম করেছে এবং ৯ ম্যাচে প্রতিপক্ষকে গোলের সুযোগই দেয়নি।
অন্যদিকে, বিশ্বকাপে ধারাবাহিকতার নজির গড়েছে ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেবল জার্মানি ও ব্রাজিলই এমন কীর্তি গড়তে পেরেছিল।
আক্রমণভাগে ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে ৮ গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। তার সঙ্গে আক্রমণে রয়েছেন মাইকেল ওলিসে, ওসমানে দেম্বেলে, ব্র্যাডলি বারকোলা ও ডিসায়ার ডুয়ে। অন্যদিকে লুইস ডি লা ফুয়েন্তের স্পেন নিজেদের বল দখলভিত্তিক ফুটবল, সংগঠিত রক্ষণ এবং কার্যকর আক্রমণের সমন্বয়ে টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখেছে।
সব মিলিয়ে ইতিহাস স্পেনের পক্ষে, বিশ্বকাপের স্মৃতি ফ্রান্সের, আর বর্তমান ফর্ম বলছে—দুই দলের ব্যবধান খুবই সামান্য। তাই ডালাসে সেমিফাইনালের এই লড়াইয়ে সামান্য ভুলও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।




