বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২ | চ্যানেল আই অনলাইন

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২ | চ্যানেল আই অনলাইন

চীনের থিয়ানওয়েন-২ মহাকাশযান গভীর মহাকাশে প্রায় ১ বিলিয়ন কিলোমিটার পথ অতিক্রম করে এবং প্রায় ৪০০ দিনের যাত্রা শেষে গ্রহাণু ২০১৬ এইচও ৩-এ পৌঁছেছে। সেখানে পৌঁছে মহাকাশযানটি বৈজ্ঞানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

সোমবার (৬ জুলাই) চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) প্রকাশিত নতুন ছবিতে লক্ষ্যবস্তু গ্রহাণু ২০১৬ এইচও৩-এর দৃশ্য তুলে ধরা হয়েছে। ছবিগুলো থিয়ানওয়েন-২ মহাকাশযান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে অবস্থান করে ধারণ করা হয়েছে।

সিএনএসএ জানিয়েছে, গ্রহাণুর কাছাকাছি পৌঁছানোর সময় অপটিক্যাল নেভিগেশন প্রযুক্তির মাধ্যমে এর কক্ষপথসংক্রান্ত অবস্থানগত তথ্য আরও নিখুঁতভাবে নির্ধারণ করা হয়েছে। এর ফলে অবস্থান নির্ধারণে অনিশ্চয়তা কয়েকশ কিলোমিটার থেকে কমে কিলোমিটার পর্যায়ে নেমে এসেছে। পরবর্তী ধাপে নমুনা সংগ্রহের প্রস্তুতির অংশ হিসেবে থিয়ানওয়েন-২ গ্রহাণুটির আকৃতি, গঠন এবং অভ্যন্তরীণ কাঠামো নিয়ে আরও বিস্তারিত বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে।

থিয়ানওয়েন-২ হলো চীনের প্রথম গ্রহাণু থেকে নমুনা সংগ্রহের অভিযান। মহাকাশযানটি গত বছরের ২৯ মে সিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।

Scroll to Top