
ব্রাসিলিয়া, ৫ জুলাই – চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচের নির্ভুল পূর্বাভাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জ্যোতিষী বিড়াল মিলু। এবার নকআউট পর্বে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচের ফল নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছে সে।
মিলুর ইঙ্গিত অনুযায়ী নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী রবিবার দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচটি নিয়ে সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এরই মধ্যে মিলুর নতুন এই পূর্বাভাস ব্রাজিল ভক্তদের মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। এর আগে ব্রাজিলের প্রতিটি ম্যাচের সঠিক পূর্বাভাস দিয়েছিল এই বিড়ালটি। মিলুর মালিক নাতান পিনহেইরো জানান ভবিষ্যদ্বাণী করার পদ্ধতিটি অত্যন্ত সহজ। দুটি অভিন্ন খাবারের বাটির পেছনে দুই দেশের পতাকা রাখা হয়।
মিলু যে বাটি থেকে খাবার গ্রহণ করে তাকেই সম্ভাব্য বিজয়ী ঘোষণা করা হয়। মালিকের দাবি এই প্রক্রিয়ায় কোনো কারসাজি নেই এবং বিড়ালটি স্বতঃস্ফূর্তভাবে তার সিদ্ধান্ত জানায়। তবে গত শনিবার আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো ভুল পূর্বাভাস দিয়েছে মিলু।
এরপরও তার প্রতি ব্রাজিলিয়ান সমর্থকদের আস্থা বিন্দুমাত্র কমেনি। সমালোচকরা এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেও ফুটবল প্রেমীদের নজর এখন ব্রাজিল ও নরওয়ে ম্যাচের দিকে। মিলুর কথা সত্যি হলে সে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
এস এম/ ৫ জুলাই ২০২৬







