
তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
খামেনিকে শ্রদ্ধা জানাতে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদেশি প্রতিনিধিদের জন্য তার মরদেহ রাখা হয়েছে। আগামী শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কফিনটি উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়া হবে।
সৌদি গণমাধ্যম হাউজ অব সৌদ জানিয়েছে যে ১৪ মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তার জানাজায় অংশ নিয়েছিলেন। তবে খামেনির মৃত্যুতে এখন পর্যন্ত সৌদি আরব কোনো প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলোও তাদের প্রতিনিধি পাঠায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে এর পাল্টা জবাব দেয় ইরান। হামলার ওই দিনেই পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন খামেনি।
গালফ অঞ্চলের দেশগুলো এখন পর্যন্ত এই মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেনি। এর মাধ্যমে তারা মূলত নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি থেকে বিরত থাকছে বলে ধারণা করা হচ্ছে।
এনএন/ ৩ জুলাই ২০২৬







