
বুয়েনোস আইরেস, ৩ জুলাই – চলতি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার লড়াইয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে। লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স এবং মার্টিনেজ ও আলভারেজের সহযোগিতায় আলবিসেলেস্তেরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। নকআউট পর্বের রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ আফ্রিকার দেশ কেপ ভার্দে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা দাপট বজায় রেখে তিনটি ম্যাচেই জয় পেয়েছে। এই পর্বে তারা প্রতিপক্ষের জালে সাতটি গোল জড়ায় যার মধ্যে ছয়টি গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে এবারের বিশ্বকাপে বিস্ময় সৃষ্টি করেছে কেপ ভার্দে। শক্তিশালী গ্রুপে থেকেও ড্রয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা।
স্পেন উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে ড্র করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে আফ্রিকার এই দলটি। তবে নকআউট পর্বে ড্র করে টিকে থাকার সুযোগ নেই। হারলে বিদায় আর জিতলে পরের রাউন্ড এমন সমীকরণে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে পরিসংখ্যান ও শক্তিতে আর্জেন্টিনাই নিরঙ্কুশ ফেভারিট।
অপ্টার সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৯.৮২ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ১০.১৮ শতাংশ। সুপারকম্পিউটারের এই পূর্বাভাস অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নদের জয় পাওয়া সময়ের ব্যাপার মাত্র।
এনএন/ ৩ জুলাই ২০২৬







