ভারতের বেঙ্গালুরুর একটি ডে-কেয়ার সেন্টারে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুদের ওয়াশিং মেশিনের ড্রামে বসানো, মুখে জোর করে পানি ছিটানো এবং বাথরুমে তালাবদ্ধ করে রাখার অভিযোগে পাঁচ নারী তত্ত্বাবধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাপজেমিনির এইচএএল ক্যাম্পাসের ভেতরে পরিচালিত ডে-কেয়ার সেন্টারটিতে শিশুদের শাস্তি দেওয়ার নামে এ ধরনের নির্যাতন চালানো হতো। এক পুলিশ কর্মকর্তা জানান, শিশুদের ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামে বসানো, টয়লেটের জেট স্প্রে দিয়ে মুখে পানি ছিটানো এবং কান্না করলে বাথরুমে আটকে রাখা হতো।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে পুলিশের পাশাপাশি কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনেও পৃথক অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকেরা। তাদের অনেকেই ক্যাপজেমিনিতে কর্মরত থাকায় সন্তানদের ওই ডে-কেয়ারে রেখে অফিস করতেন। ঘটনার পর কর্পোরেট ক্যাম্পাসে পরিচালিত শিশু পরিচর্যা কেন্দ্রগুলোর নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এক বিবৃতিতে ক্যাপজেমিনি জানিয়েছে, কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং তদন্তের স্বার্থে বেঙ্গালুরু ক্যাম্পাসের ডে-কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।






