হলান্ড বলছেন ব্রাজিলের বিপক্ষে জয়ের ‘সম্ভবনা ক্ষীণ’

হলান্ড বলছেন ব্রাজিলের বিপক্ষে জয়ের ‘সম্ভবনা ক্ষীণ’

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে। নকআউটের এই মহারণের আগে ব্রাজিলকে এগিয়ে রাখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার মতে, শক্তি ও অভিজ্ঞতায় ব্রাজিলই এই ম্যাচের পরিষ্কার ফেভারিট।

অতীত পরিসংখ্যান অবশ্য নরওয়ের পক্ষে কথা বলে। দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি ব্রাজিল। তবে ইতিহাসের সেই রেকর্ডকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন হালান্ড।

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন সংক্ষিপ্ত জবাব দেন, ‘সম্ভাবনা খুবই কম।’

এর আগেও ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার বিষয়ে বাস্তববাদী মন্তব্য করেছিলেন হালান্ড। তিনি বলেছিলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে নরওয়ে খেলোয়াড়রা অংশ নেন নরওয়ের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদযাপনে। মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের নেতৃত্বে বৈঠা বাইবার প্রতীকী ভঙ্গিতে জয় উদযাপন করেন তারা।

দেশের মানুষের উচ্ছ্বাসের কথা তুলে ধরে হালান্ড বলেন, জাতীয় দলকে ঘিরে নরওয়েজিয়ানদের মধ্যে যে ঐক্য ও আবেগ তৈরি হয়েছে, সেটি দলের খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করছে।

তবে সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি। হালান্ড বলেন, ‘এখন আমরা শেষ ষোলোতে। এখান থেকে প্রতিটি দলই শক্তিশালী। সামনে এগোনো মোটেও সহজ হবে না। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতি ধরে রাখার চেষ্টা করছি।’

বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার হালান্ড এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে আছেন। ইতোমধ্যে পাঁচ গোল করে দলের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বিশ্বকাপের আগে ইউরোপিয়ান বাছাইপর্বেও তার ধারাবাহিক পারফরম্যান্সই ২৮ বছর পর নরওয়েকে বিশ্বকাপের মূল পর্বে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলছে নরওয়ে।

Scroll to Top