
মাদ্রিদ, ১ জুলাই – স্প্যানিশ ফুটবল ও বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল ক্লাব ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসায় মেতেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে কার খেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এমন প্রশ্নের জবাবে ইয়ামাল কোনো দ্বিধা ছাড়াই ভিনিসিয়ুসের নাম উল্লেখ করেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম কোপে কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বমঞ্চে ভিনিসিয়ুসের পারফরম্যান্স তাকে বিশেষভাবে মুগ্ধ করেছে এবং তিনি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা দারুণ উপভোগ করছেন। অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২ এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের চোট ও দলের সমালোচনা নিয়ে কথা বলেন ইয়ামাল।
সৌদি আরবের বিপক্ষে গোল করে চোট কাটিয়ে মাঠে ফেরার স্বস্তি প্রকাশ করে ১৮ বছর বয়সী এই উইঙ্গার জানান, তিনি এখন পুরোপুরি ফিট এবং পরবর্তী ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতেই মুখিয়ে আছেন।
স্পেনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, সুন্দর ফুটবল খেলে বিদায় নেওয়ার চেয়ে ম্যাচ জিতে পরের রাউন্ডে পা রাখাটাই আসল সাফল্য। জাতীয় দলের প্রধান তারকা হিসেবে তার ওপর থাকা চাপ এবং গ্যালারিতে প্রতিপক্ষের সমর্থকদের দুয়োধ্বনি প্রসঙ্গে বেশ পরিপক্বতার পরিচয় দেন ইয়ামাল।
তিনি জানান, দলের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা তার আছে বলেই ভক্তরা তাকে নিয়ে বেশি রোমাঞ্চিত হন। দর্শকদের দুয়ো দেওয়া প্রসঙ্গে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর উদাহরণ টেনে তিনি বলেন, এমন পরিস্থিতি ফুটবল মাঠের স্বাভাবিক আচরণ এবং এটি তাকে দমাতে পারবে না। স্পেনকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন বলেও জানান এই তরুণ প্রতিভা।
এস এম/ ১ জুলাই ২০২৬






