
ডালাস, ১ জুলাই – আটাশ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরে নিজেদের সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে নরওয়ে। ডালাস স্টেডিয়ামে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড।
আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে এই ইউরোপীয় দেশটি।
ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ধরে রাখা নরওয়ে ৩৯ মিনিটে লিড নেয়। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আন্তোনিও নুসা। এই গোলের সুবাদে তিনি বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি ওডেগার্ডও এক অনন্য রেকর্ড গড়েন।
সোভিয়েত ইউনিয়নের ইগোর বেলানোভ এবং জার্মানির মাইকেল বালাকের পর বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম তিন ম্যাচেই অ্যাসিস্ট করার কীর্তি গড়েন তিনি।
বিরতির পর আইভরি কোস্ট ম্যাচে ফেরার চেষ্টা চালায়। ম্যাচের ৭৪ মিনিটে সমতা ফেরান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো। দিয়ালো গোল করার কিছুক্ষণ আগে গোললাইনে দাঁড়িয়ে নরওয়ের একটি নিশ্চিত গোল প্রতিহত করেছিলেন। তবে ৮৬ মিনিটে চেনা রূপে ফেরেন হালান্ড। প্যাট্রিক বার্গের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করেন তিনি। এটি ছিল নরওয়ের জার্সিতে তার ৫৩ ম্যাচে ৬০তম গোল।
শেষ মিনিটে আইভরি কোস্টের একটি ফ্রি কিক দারুণভাবে সেভ করে দলের জয় নিশ্চিত করেন গোলরক্ষক ওরহান নাইলান্ড। এর আগে ১৯৯৮ বিশ্বকাপেও শেষ ষোলোতে উঠেছিল নরওয়ে।
এনএন/ ১ জুলাই ২০২৬






