ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি | চ্যানেল আই অনলাইন

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি | চ্যানেল আই অনলাইন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি।

মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর নির্দেশে তার সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা.আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট ডা. জিয়াউল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে গিয়ে ডা. মনোয়ারুল কাদির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

ডা. মনোয়ারুল কাদির বলেন, দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বের অসুস্থতার খবরে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।

উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলে তার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ডা. মনোয়ারুল কাদিরের মতে, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অসুস্থ প্রবীণ রাজনীতিবিদের প্রতি রাষ্ট্রের মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার বহি:প্রকাশ।

Scroll to Top