জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার?

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার?

রাউন্ড অব ৩২ এর লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল-জাপান। ম্যাচের আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল নেইমারের ‘গেম টাইম’ নিয়ে। আগের ম্যাচে বদলি নামানো এই ফরোয়ার্ডকে এবার কি শুরু থেকে খেলানো হবে?

আনচেলত্তি যা বলেছেন, তাতে অবশ্য জাপানের বিপক্ষেও নেইমারকে শুরু থেকেই মাঠে দেখার সম্ভাবনা কম বলেই আভাস।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। তবে তাকে ঠিক কতক্ষণ খেলানো হবে, তা পুরোপুরি নির্ভর করবে মাঠের পরিস্থিতির ওপর। নেইমার ৯৮১ দিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচ দিয়ে।

সেদিন দ্বিতীয়ার্ধে নেমে ১৫ মিনিট খেলেছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত, পুরো সময় সে আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। সেক্ষেত্রে আগামী রোববার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে নরওয়ে অথবা আইভরি কোস্টের।

Scroll to Top