হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ শিশু, যার মধ্যে ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ময়মনসিংহ বিভাগের এবং একজন করে ঢাকা ও খুলনা বিভাগের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়া শিশুদের মধ্যে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮ হাজার ২৬৬ শিশুর এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জনের। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৬০ জনে। এ পর্যন্ত আক্রান্ত শিশুদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া ২২ হাজার ৪৪২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার মধ্যে চিকিৎসা শেষে ১৯ হাজার ১৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে মোট ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

Scroll to Top