হ্যারি কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তোলার দাবি ঘানার তান্ত্রিকের – DesheBideshe

হ্যারি কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তোলার দাবি ঘানার তান্ত্রিকের – DesheBideshe


হ্যারি কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তোলার দাবি ঘানার তান্ত্রিকের – DesheBideshe

লন্ডন, ২৭ জুন – বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ঘানার আলোচিত তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম। কেইনের ওপর থেকে তথাকথিত সকল ‘কালো জাদু’ ও অভিশাপ প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

একই সঙ্গে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে পানামার বিপক্ষে ইংলিশ এই তারকার গোল করার বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বোনসাম। বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে উড়ন্ত সূচনা করেছিলেন হ্যারি কেইন। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে তাকে চেনা ছন্দে দেখা যায়নি।

পুরো ম্যাচে তিনি প্রভাব বিস্তার করতে ব্যর্থ হন এবং একটি সহজ সুযোগ নষ্ট করেন। গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচের পর বোনসাম দাবি করেন যে, নিজ দেশ ঘানাকে বাড়তি সুবিধা দিতেই তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কেইনের ওপর কালো জাদু প্রয়োগ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে জানান এই তান্ত্রিক।

বোনসামের ভাষ্য অনুযায়ী, তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী আধ্যাত্মিক সাধক এবং এখন আর কেইনের কোনো ক্ষতি করতে চান না। তিনি কেইনকে অভিশাপমুক্ত করার ঘোষণা দিয়ে জানিয়েছেন, পরবর্তী ম্যাচে পানামার বিপক্ষে এই স্ট্রাইকার অবশ্যই গোল পাবেন।

ব্যক্তিগতভাবে কেইনের প্রতি ভালোলাগার কথা জানিয়ে এই তান্ত্রিক বলেন, হ্যারি কেইন তার শত্রু নন এবং ঘানার জাতীয় স্বার্থেই তিনি সাময়িকভাবে এমন পদক্ষেপ নিয়েছিলেন। এমনকি নিজের পুত্রসন্তানের নাম হ্যারি কেইন রাখার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপের সময়ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বিতর্কিত দাবি করে আলোচনায় এসেছিলেন বোনসাম। তখন তিনি দাবি করেছিলেন যে, তার জাদুর কারণেই রোনালদো হাঁটুর চোটে আক্রান্ত হয়েছিলেন। যদিও সেই দাবির পক্ষে কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি।

এস এম/ ২৭ জুন ২০২৬



Scroll to Top