
অটোয়া, ২৫ জুন – বিশ্বকাপের গ্রুপ বি-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই ম্যাচে পরাজয় সত্ত্বেও প্রথমবারের মতো বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা।
প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়াই করলেও কোনো গোল করতে সক্ষম হয়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার চিত্র পাল্টে যায়। বিরতি থেকে ফেরার মাত্র ৪৫ সেকেন্ডের মাথায় রুবেন ভারগাসের দুর্দান্ত গোলে লিড নেয় সুইজারল্যান্ড। এরপর ম্যাচের ৫৭ মিনিটে ইয়োহান মানজাম্বি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
ব্রিল এমবলোর পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জাল কাঁপান মানজাম্বি। দুই গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক কানাডা। দ্বিতীয়ার্ধের ড্রিঙ্কস ব্রেকের পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন প্রমিস ডেভিড। মাঠে নামার পর প্রথম স্পর্শেই তিনি কানাডার হয়ে একটি গোল শোধ করেন।
নাথান ডিলান সালিবার নিখুঁত ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান তিনি। খেলার শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় কানাডা। বিশেষ করে ইনজুরি টাইমে সুইজারল্যান্ডের রক্ষণে প্রবল চাপ সৃষ্টি করে তারা।
তবে সুইস গোলরক্ষক কোবেলের অসাধারণ কিছু সেভে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় সুইজারল্যান্ডের। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সুইজারল্যান্ড। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে কানাডা। সমান ৪ পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া।
এস এম/ ২৫ জুন ২০২৬







