
অসলো, ২৩ জুন – দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে দলটি। ১৯৯৮ সালের পর এই প্রথম নরওয়ে বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল।
ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বজায় রেখে ৪৩ মিনিটে পেদেরসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। এই লিড নিয়েই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ ৪৮ মিনিটে নিজের প্রথম গোল করে ব্যবধান ২-০ করেন আর্লিং হালান্ড। তবে সেনেগাল দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
ম্যাচের ৫৩ মিনিটে ইসমাইলা সার গোল করে ব্যবধান কমান। হালান্ড দমে না গিয়ে বের্গের ক্রস থেকে বাম পাশে বল পেয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। এতে নরওয়ে ৩-১ গোলে এগিয়ে যায়। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ইসমাইলা সার আবারও গোল করে সেনেগালের জয়ের আশা জাগিয়েছিলেন।
তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি প্রথমার্ধে হালান্ডের একটি নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারেননি। এই জয়ে গ্রুপ আই থেকে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে চলে গেল নরওয়ে। এর আগের ম্যাচে তারা ইরাককে ৪-১ গোলে পরাজিত করেছিল।
এস এম/ ২৩ জুন ২০২৬







