
লিসবন, ২৩ জুন – বিশ্বকাপের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে দলটি। বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর ফর্ম নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
৪১ বছর বয়সী এই তারকা একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় সমর্থকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। আগামী মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে রোনালদো শুরু থেকেই খেলবেন কি না, তা নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
তবে এই ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বার্তা দেননি দলের প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, প্রথম একাদশ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং ফুটবলারদের সাথেও এ নিয়ে কথা বলা বাকি আছে।
কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও গোলের দেখা পাননি রোনালদো। দলের আক্রমণে গতি আনতে না পারায় তার দলে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। তবে কোচ মার্টিনেজ সমালোচনায় কান দিতে নারাজ। তিনি বলেন, বিশ্বকাপে চাপ থাকাটা স্বাভাবিক।
আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। বর্তমান পরিস্থিতিতে দল আগের চেয়ে অনেক বেশি সুসংহত ও ঐক্যবদ্ধ।
ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলা রোনালদোর সামনে সুযোগ রয়েছে ছয়টি আসরেই গোল করার অনন্য কীর্তি গড়ার। এখন দেখার বিষয়, উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারেন কি না বিশ্ব ফুটবলের এই মহাতারকা।
এস এম/ ২৩ জুন ২০২৬







