
লিসবন, ২৩ জুন – ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপের শুরুতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে অন্যতম ফেভারিট পর্তুগাল। বিশেষ করে ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবল বিশ্লেষকরা।
এছাড়া মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে যেখানে তিনি রোনালদোকে দলের অন্য সাধারণ খেলোয়াড়দের মতোই একজন বলে অভিহিত করেছেন। এমন পরিস্থিতিতে টেক্সাসের হিউস্টনে গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ রবার্তো মার্তিনেজ সব বিতর্ক উড়িয়ে দিয়ে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন। মার্তিনেজ বলেন অধিনায়ক হিসেবে রোনালদো দলের জন্য একটি বড় উদাহরণ এবং তার অভিজ্ঞতা দলের জন্য অপরিহার্য।
তিনি আরও যোগ করেন যে মাঠে রোনালদোর উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে এবং পরিসংখ্যানও তার পক্ষেই কথা বলে। এদিকে রক্ষণভাগের খেলোয়াড় জোয়াও কানসেলো প্রথম ম্যাচের ব্যর্থতা স্বীকার করে জানিয়েছেন যে দলের মান অনুযায়ী তারা খেলতে পারেননি।
উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই বলে তিনি উল্লেখ করেন। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে মার্তিনেজের শিষ্যরা।
এস এম/ ২৩ জুন ২০২৬







