
ঢাকা, ২৩ জুন – বাংলাদেশ ব্যাংক দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করা হয়।
নতুন এই ব্যবস্থার অধীনে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ফি সংশ্লিষ্ট দূতাবাস, তাদের বিদেশি কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবে। সার্কুলারে জানানো হয়েছে যে এই ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু শর্ত অনুসরণ করতে হবে।
ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস কর্তৃক নির্ধারিত হারে সংগ্রহ করতে হবে এবং দূতাবাস বা অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যু করা ইনভয়েস সংরক্ষণ করা বাধ্যতামূলক। এ ছাড়া প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষিত রাখতে হবে।
অর্থ বিদেশে পাঠানোর আগে সব ধরনের প্রযোজ্য কর যথাযথভাবে কর্তন করা হয়েছে কি না তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মনে করছে এই নতুন নির্দেশনার ফলে ভিসা ফি পরিশোধ ও প্রেরণের প্রক্রিয়া আরও সুশৃঙ্খল এবং দ্রুত হবে। একই সঙ্গে এই লেনদেনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
এস এম/ ২৩ জুন ২০২৬






