অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিন অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি – DesheBideshe

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিন অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি – DesheBideshe


অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তিন অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি – DesheBideshe

বুয়েনস আইরেস, ২১ জুন – বিশ্বকাপের মঞ্চে আবারও নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

এবার অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তার সামনে হাতছানি দিচ্ছে একসঙ্গে তিনটি বড় রেকর্ড। প্রথম ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা ১৬ তে নিয়ে গেছেন মেসি। বর্তমানে তিনি জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে মাত্র একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে এই বিশ্বরেকর্ড নিজের করে নেবেন সাতবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। গোলের পাশাপাশি জয়ের রেকর্ডেও মিরোস্লাভ ক্লোসার সমকক্ষ হয়েছেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ক্যারিয়ারের ১৬ তম জয়। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়লাভ করলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা খেলোয়াড় হিসেবে নাম লেখাবেন তিনি। মেসির সামনে তৃতীয় যে রেকর্ডটি রয়েছে, তা হলো পেনাল্টি বক্সের বাইরে থেকে করা দূরপাল্লার গোলের।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি ছিল বক্সের বাইরে থেকে নেওয়া এক চমৎকার শটে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে করা গোলের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর পাশে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে দুজনেরই এই তালিকায় পাঁচটি করে গোল রয়েছে।

অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি দূরপাল্লার গোল করতে পারলে তিনি এই তালিকায় এককভাবে শীর্ষে চলে যাবেন। উল্লেখ্য যে, এর আগে ২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছিলেন মেসি।

এবারের আসরে আলজেরিয়ার বিপক্ষে গোল করে সেই সংখ্যাটি পাঁচে উন্নীত করেছেন তিনি। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচটি মেসির জন্য এক নতুন উচ্চতায় পৌঁছানোর অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এম/ ২১ জুন ২০২৬



Scroll to Top