এখনই নকআউট নিয়ে ভাবছেন না ব্রাজিল কোচ আনচেলত্তি – DesheBideshe

এখনই নকআউট নিয়ে ভাবছেন না ব্রাজিল কোচ আনচেলত্তি – DesheBideshe


এখনই নকআউট নিয়ে ভাবছেন না ব্রাজিল কোচ আনচেলত্তি – DesheBideshe

ব্রাসেলস, ২০ জুন – বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পাওয়ার পরও নকআউট পর্ব নিয়ে এখনই আগাম কোনো ভাবনা নেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। তার মতে, দলের খেলোয়াড়দের আপাতত গ্রুপ পর্বের ম্যাচগুলোতেই পূর্ণ মনোযোগ ধরে রাখা প্রয়োজন।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতির বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। এই জয়ের ফলে তারা বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ব্রাজিলের।

তবে এমন সমীকরণের মুখে দাঁড়িয়েও অতিরিক্ত চাপ নিতে রাজি নন অভিজ্ঞ এই কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, দল এখনই নকআউট নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে না। বরং তাদের প্রাথমিক লক্ষ্য হলো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী ধাপে পা রাখা। আসন্ন প্রতিপক্ষ স্কটল্যান্ডকে নিয়েও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তিনি।

তিনি উল্লেখ করেন, স্কটল্যান্ড একটি শক্তিশালী দল এবং তারা মরক্কোর বিপক্ষেও দুর্দান্ত লড়াইয়ের পরিচয় দিয়েছে। তাই পরবর্তী ম্যাচে সাফল্যের জন্য মাঠে শতভাগ মনোযোগী থাকতে হবে।

আনচেলত্তি আরও যোগ করেন যে, টুর্নামেন্টের শুরুতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের মোকাবিলা করলেও সামনে বড় চ্যালেঞ্জ আসতে পারে। তবে যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে সমানতালে লড়াই করার সামর্থ্য ব্রাজিলের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

এস এম/ ২০ জুন ২০২৬



Scroll to Top