চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ, জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান – DesheBideshe

চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ, জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান – DesheBideshe


চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ, জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান – DesheBideshe

চট্টগ্রাম, ১৯ জুন – চট্টগ্রামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করে ১৯৬ রান। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অজিরা।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা ভালো ছিল না। জশ ইংলিস আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করলেও তাকে দ্রুত থামিয়ে দেন নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে নাসুমের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ইংলিস। বিদায়ের আগে তিনি ৬ বলে ১১ রান করেন।

এরপরের ওভারেই আঘাত হানেন নাহিদ রানা। প্রায় ৩৯৬ দিন পর টি-টোয়েন্টিতে মাঠে ফিরেই সাফল্যের দেখা পান এই পেসার। সাইফ হাসানের চমৎকার ক্যাচে ১ রান করা কপার কলোনিকে বিদায় করেন তিনি।

শুরুতেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক মিচেল মার্শ। তবে তিনি ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি। ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন রেনশো ও ডেভিড। এই দুই ব্যাটার মিলে ৯৭ রানের এক কার্যকরী জুটি গড়েন। ৪৫ রান করা ডেভিডকে সাজঘরে পাঠিয়ে এই জুটি ভাঙেন আব্দুল গাফফার সাকলাইন।

এক প্রান্ত আগলে রেখে অজিদের স্কোরকে বড় আকার দেন রেনশো। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান সংগ্রহ করেন। ফলে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৬ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। তিনি ২৭ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন এবং মুস্তাফিজুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এনএন/ ১৯ জুন ২০২৬



Scroll to Top