রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান – DesheBideshe

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান – DesheBideshe


রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান – DesheBideshe

লস অ্যাঞ্জেলেস, ১৫ জুন – ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াইয়ে মঙ্গলবার মাঠে নামছে ইরান ও নিউ জিল্যান্ড। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে মাঠের লড়াইয়ের চেয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নানা জটিলতা।

আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরী কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে বিশ্বকাপেও। জানা গেছে, ইরানি ফুটবলারদের জন্য যুক্তরাষ্ট্রে আলাদা কোনো আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে মেক্সিকো থেকে যাতায়াত করে ম্যাচ খেলতে হচ্ছে দলটিকে।

প্রতি ম্যাচের আগে তারা মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলেসে আসছেন এবং খেলা শেষ করে আবার সেখানেই ফিরে যাচ্ছেন। খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্যালারির পরিবেশ। ভিসা জটিলতার কারণে গ্যালারিতে ইরানি সমর্থকদের উপস্থিতি থাকবে না বললেই চলে।

এমন পরিস্থিতিতে স্বাগতিক দর্শকদের বিদ্রূপ ও বিরূপ আচরণের শিকার হওয়ার আশঙ্কা করছেন কোচ আমির ঘালেনোয়েই। তবে তিনি জানিয়েছেন যে তারা মানসিকভাবে প্রস্তুত হয়েই মাঠে নামছেন। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ইরান প্রথম ম্যাচেই জয় পেয়ে চাপমুক্ত হতে মরিয়া।

একই দিনে অন্য একটি ম্যাচে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও মিশর। দলের অন্যতম সেরা তারকা কেভিন ডি ব্রুইনার অনুপস্থিতি বেলজিয়ামের জন্য বড় ধাক্কা। তবে মিডফিল্ড ও আক্রমণভাগের অন্যান্য খেলোয়াড়দের ওপর ভরসা রাখছে দলটি। অন্য ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব।

কোচ মার্সেলো বিয়েলসার নতুন পরিকল্পনায় লুইস সুয়ারেসের শূন্যস্থান পূরণে ডারউইন নুনেজ ও ফেদেরিকো ভালভার্দেই এখন উরুগুয়ের মূল ভরসা।

এস এম/ ১৫ জুন ২০২৬



Scroll to Top