দুই দলের লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তুরস্ক। তবে শেষে গিয়ে হেসেছে অস্ট্রেলিয়াই। গ্রুপ ডি এর দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে সকারুরা।
কানাডার ভ্যানকুভারে ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র।
২৪ বছর আগে শেষবার বিশ্বকাপে খেলেছিল তুরস্ক। নিজেদের ইতিহাসের সেরা সেই আসরের পর দীর্ঘদিন বিশ্বমঞ্চে পা রাখেনি দেশটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও শুরু তাদের বিশ্বকাপ যাত্রা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মুডে অস্ট্রেলিয়া ও তুরস্ক। দুই দলের মিডফিল্ডাররাই গোলের সুযোগ তৈরি করেছেন। তবে ফরোয়ার্ডরা জাল খুঁজে পাননি।
ম্যাচের ২৭ মিনিটে ভাঙল ডেডলক। দারুণ এক কাউন্টার আক্রমণে নেস্তোরি ইরানকুন্দার গোলে এগিয়ে যায় সকারুরা। সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল অস্ট্রেলিয়া।
৭৫তম মিনিটে বাঁ পায়ের দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করলেন কনোর মেটক্যাফে। ২-০ তে এগিয়ে সকারুরা।
তুরস্কের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু সকারুদের। ইরানকুন্দা ও মেটক্যাফের গোলে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও জয়টা পাওয়া হলো না তুরস্কের।




