
ঢাকা, ১৪ জুন – ভারতের অনুমোদন না পাওয়ায় নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি আপাতত বন্ধ হয়ে গেছে। এর ফলে আগামী ১৫ জুন থেকে বাংলাদেশে নেপাল থেকে মোট ৬০ মেগাওয়াট নয় বরং আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন নেপালের জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সঞ্চালন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই অতিরিক্ত বিদ্যুৎ রফতানির অনুমোদন স্থগিত রেখেছে। খাতসংশ্লিষ্টদের মতে এই প্রসারের জন্য ভারতের অনুমোদনের পাশাপাশি নতুন বা সংশোধিত ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল ও ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত প্রয়োজন।
নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ইতোমধ্যে ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ রফতানির অনুরোধ জানিয়েছিল। তবে নিগম লিমিটেড জানিয়েছে ভারত ও বাংলাদেশের বিদ্যুৎ সঞ্চালন লাইনে অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ দেওয়ার মতো জায়গা নেই। যদিও এই সঞ্চালন লাইনের মোট সক্ষমতা প্রায় এক হাজার মেগাওয়াট।
বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রতি ইউনিট ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট দরে বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে এ ধরনের প্রশাসনিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। নেপাল সরকার পরিকল্পনা অনুযায়ী অনুমোদন পেলে বাংলাদেশে মোট রফতানি ৬০ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হবে বলে আশা করছে।
এস এম/ ১৪ জুন ২০২৬






