সস্তা হচ্ছে হার্টের রিং, ডায়ালাইসিস ও চোখের লেন্স | চ্যানেল আই অনলাইন

সস্তা হচ্ছে হার্টের রিং, ডায়ালাইসিস ও চোখের লেন্স | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বা করোনারি স্টেন্ট, কিডনি ডায়ালাইসিস এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করছেন অর্থমন্ত্রী।

এর আগে সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। জনসাধারণের চিকিৎসা খরচ কমানোর লক্ষ্যে আমদানি করা হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এর ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমবে। এছাড়া চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ টাকা পর্যন্ত কমবে।

এতে আরও উল্লেখ করা হয়, কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার্য ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিস’ এর আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭.৫ শতাংশ আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। এর ফলে কিডনি ডায়ালাইসিসের খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমবে।

Scroll to Top