স্বাগতিক হিসেবে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে কানাডা – DesheBideshe

স্বাগতিক হিসেবে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে কানাডা – DesheBideshe


স্বাগতিক হিসেবে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে কানাডা – DesheBideshe

অটোয়া, ১২ জুন – বিশ্বকাপের এবারের আসরে স্বাগতিক দেশ হিসেবে কানাডার ফুটবল ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথ আয়োজক হিসেবে এবারই প্রথম নিজেদের মাটিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন ও খেলার ঐতিহাসিক সুযোগ পেয়েছে উত্তর আমেরিকার এই দেশটি।

এর আগে ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপে অংশ নিলেও কখনোই ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা ছিল না কানাডার। এবার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ১৩টি ম্যাচ যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বকাপের বি গ্রুপে থাকা কানাডার প্রতিপক্ষ হিসেবে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। স্বাগতিক দর্শকদের বিপুল সমর্থন নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে দলটি। কানাডার বর্তমান দলকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা প্রজন্ম হিসেবে বিবেচনা করা হয়।

এই দলে রয়েছেন তারকা ফুটবলার আলফনসো ডেভিস, জোনাথন ডেভিড ও কাইল লেরিন। তাদের নেতৃত্বে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে চায় লে রুজরা। বিশ্বকাপে কানাডার অতীত পরিসংখ্যান অবশ্য খুব একটা সুখকর নয়।

১৯৮৬ ও ২০২২ সালের দুটি আসর মিলিয়ে ছয়টি ম্যাচ খেললেও কোনো জয় পায়নি তারা। এমনকি কোনো ড্র অর্জন করাও সম্ভব হয়নি। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে ইতিহাসে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছিলেন আলফনসো ডেভিস।

বিশ্বকাপে প্রথম জয়, প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠা এবং স্বাগতিক হিসেবে স্মরণীয় এক আসর উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে কানাডা। আর সেই লক্ষ্য পূরণের পথে তাদের প্রথম মোকাবিলা করতে হবে বসনিয়াকে।

এস এম/ ১২ জুন ২০২৬



Scroll to Top